সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
সিটিটিসি ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)-এর নাম পরিবর্তন করে নতুন নামে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই ইউনিট দেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম মোকাবিলায় কাজ করবে। আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা আরও সহজ হবে। একই সঙ্গে দেশের অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রেও নতুন নাম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ৭ জুন পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চাওয়া হয়। পরদিন ৮ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো পৃথক চিঠিতে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

প্রতিষ্ঠার পর থেকে এটিইউ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে অভিযান পরিচালনা করে আসছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের সিটিটিসি ইউনিটও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, জঙ্গি দমন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন কাঠামোর মাধ্যমে এসব কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।