টানা বৃষ্টিতে সীতাকুণ্ডে জলাবদ্ধতা, দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের দাবি


চট্টগ্রাম সিনিয়র ব্যুরো চীফ, তুহিন রহমান  প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে সীতাকুণ্ডে জলাবদ্ধতা, দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপের দাবি

টানা বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নামারবাজার, আমিরাবাদ পশ্চিম মাদেবপুর, ৩ নম্বর ওয়ার্ডের লাঠিয়ালপাড়াসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনের চলাচল, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, নামারবাজার এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না। এছাড়া একটি ল্যাবরেটরির পেছনের অংশে বালু ফেলে পানি চলাচলের ড্রেন বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এর ফলে অল্প বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয় বাসিন্দারা সীতাকুণ্ড পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে দ্রুত ঘটনাটি তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ড্রেন পরিষ্কার, অবৈধভাবে তৈরি হওয়া প্রতিবন্ধকতা অপসারণ এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হলে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে।

এলাকাবাসী আরও জানান, সমস্যার দ্রুত সমাধান না হলে তারা নিজেদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধ্য হবেন। তাই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।