ভারতে সাজাভোগ শেষে ফিরলেন ১০ বাংলাদেশি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
ভারতে সাজাভোগ শেষে ফিরলেন ১০ বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাজাভোগ শেষে ১০ জন বাংলাদেশি নাগরিক সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তারা ভারতের কারাগারে দীর্ঘ সময় সাজাভোগ করেন। সাজা শেষে বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিক চর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০ বাংলাদেশিকে গ্রহণ করা হয়। পরে তাদের থানা পুলিশের মাধ্যমে নিজ নিজ পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে বৈধ কাগজপত্রের মাধ্যমে বিদেশে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।