
বাজার মনিটরিং ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং টিম লিডারদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
রোববার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এ ক্ষেত্রে সক্ষমতার ঘাটতির চেয়ে কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, মোটিভেশন শুধু একটি ধারণা নয়, এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব। আতাউর রহমান খান জানান, বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাও এ কার্যক্রমে যুক্ত রয়েছে। বাজারে শৃঙ্খলা নিশ্চিত করা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত দূর করে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগ সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্য সচিব জানান, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই একটি পাওয়ার অ্যাপ উন্নয়ন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) মডেল চালু এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া। এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেবাস্টিন রেমাসসহ বাণিজ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :