
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণগ্রাম এলাকায় প্রায় ২০ থেকে ২৫ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কের একটি অংশে মাটি না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, রাস্তার ক্ষতিগ্রস্ত অংশটি খালের মতো গভীর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য অসতর্কতায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, নারী ও বয়স্ক মানুষ এই পথ ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং অনেককে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পথ ব্যবহার করতে হয়।
এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের মধ্যে বসবাস করছেন। এলাকাবাসীর চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাস্তাটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয়দের দাবি, মাত্র ২০ থেকে ২৫ মিটার অংশে মাটি ফেলে রাস্তাটি সংস্কার করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :