
ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে জারি করা এক সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর অনাপত্তি সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব নিরীক্ষায় নিয়োজিত সমসংখ্যক অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো যাবে।
তবে কোনো ব্যাংকের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগের প্রয়োজন হলে তার যৌক্তিকতা, সংশ্লিষ্ট অডিট ফার্মের পূর্ববর্তী নিয়োগের তথ্য, নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদনের সংখ্যা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, এ বিষয়ে ২০২৩ সালের ৩ ডিসেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর-২০ এবং ২০২৪ সালের ৬ জুলাই জারি করা এফই সার্কুলার নম্বর-১০-এর অন্যান্য নির্দেশনা ও সংশ্লিষ্ট সব সার্কুলার আগের মতোই কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব অনুমোদিত ডিলার ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ নির্দেশনার ফলে রপ্তানি ভর্তুকি ও নগদ সহায়তা প্রদানের নিরীক্ষা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, জবাবদিহি এবং শৃঙ্খলা নিশ্চিত হবে।
আপনার মতামত লিখুন :