
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম এবং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দুইজন উদ্যোক্তার হাতে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীর হাতে সম্মাননা স্মারক এবং দুইজন সুফলভোগীর হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :