জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত

জুলাই অভ্যুত্থানকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগে এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শূন্য সহনশীলতা নীতি ভঙ্গ করার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের চেতনাকে অপমান করার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে।

বরখাস্তের আদেশটি ৫ জুলাই, ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে বলে চিঠিতে জানানো হয়। তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

চিঠিতে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবিলম্বে সব ধরনের দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রেজিস্ট্রার অফিসে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, অভিযোগ রয়েছে যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই অভ্যুত্থান নিয়ে ব্যঙ্গ করে একটি পোস্ট দেন। ওই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তিনি পোস্টটি নিজের প্রোফাইল থেকে মুছে ফেলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।