
নাটোরের লালপুর উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে আরিয়ান আহমেদ রাফসান (১ বছর ১০ মাস ২ দিন) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিবনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উত্তর লালপুর গ্রামের বাসিন্দা রাশিদুল ইসলামের ছেলে আরিয়ান আহমেদ রাফসান তার মা আয়েশা আক্তার ঊর্মীর সঙ্গে নানা আনিসুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। দুপুরের খাবার শেষে বাড়ির আঙিনায় খেলছিল সে।
একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের টিউবওয়েলের পানি নিষ্কাশনের ছোট ডোবায় পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর শিশুটির মামী লিপি আক্তার নিজের সাত মাস বয়সী সন্তানকে নিয়ে টিউবওয়েলের কাছে গেলে পানির মধ্যে আরিয়ানকে ভাসতে দেখে চিৎকার করেন। পরে শিশুটির মামা মনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুটির বাবা রাশিদুল ইসলামসহ স্বজনরা হাসপাতালে পৌঁছে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :