
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায় সহ্য করতে না পেরে কুড়িগ্রামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে ম্যাচ শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
আক্রান্ত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাজিলের ম্যাচটি তিনি বাড়িতে বন্ধু ও সহ-সমর্থকদের সঙ্গে বসে দেখছিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি উত্তেজিত ছিলেন। তবে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তার মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। ম্যাচ শেষে দলের বিদায় নিশ্চিত হওয়ার পর তিনি বুকে তীব্র ব্যথা, অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করেন এবং মাটিতে পড়ে যান।
পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি চিকিৎসা দিয়ে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, হঠাৎ মানসিক চাপ ও অতিরিক্ত উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। প্রাথমিক চিকিৎসায় তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
আপনার মতামত লিখুন :