
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পঞ্চগড়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আবু সাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মূলভিত্তি গ্রামীণ উন্নয়ন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা সমবায়ভিত্তিক কার্যক্রম, সহজ শর্তে ঋণ বিতরণ এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, গ্রামকে উন্নয়নের মূলধারায় আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করে। তরুণদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, সমবায়, ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলাই পল্লী উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন কার্যক্রম ও অর্জনের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, জেলায় বর্তমানে ১২টি প্রকল্প ও কর্মসূচি চলমান রয়েছে। ৭০০টি নিবন্ধিত সমিতি ও ৬৯৯টি দলের মাধ্যমে মোট ১ হাজার ৩৯৯টি দল ও সমিতিতে ৩৮ হাজার ৫১৯ জন সদস্য ঋণ সুবিধা গ্রহণ করছেন। এছাড়া চলতি সময়ে বিভিন্ন প্রকল্পের আওতায় মোট ৮৮০ জন উপকারভোগীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা বিআরডিবির বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঋণের চেক এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
এ সময় বিআরডিবি পঞ্চগড়ের উপপরিচালক এনামুল হক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সমিতির সদস্য, উপকারভোগী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র দাস।
আপনার মতামত লিখুন :