এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’ শুরু আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’ শুরু আজ

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ শীর্ষক এ কর্মসূচি সোমবার (৬ জুলাই) থেকে শুরু হচ্ছে।

রোববার (৫ জুলাই) দলটির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কর্মসূচির প্রথম দিন বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জ থেকে উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হবে। পরে উত্তর সাভারে কর্মসূচি শেষে নেতাকর্মীরা ঢাকায় রাত্রিযাপন করবেন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটসহ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে। এরপর পর্যায়ক্রমে বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করা হবে।

এনসিপি জানিয়েছে, জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পদযাত্রায় দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জুন-জুলাইজুড়ে সংঘটিত সেই আন্দোলনই ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিত।