মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল


​লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকমুক্ত সমাজ গঠন এবং একটি সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতি বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর অর্জিত নতুন রাজনৈতিক বাস্তবতায় এখন প্রধান চ্যালেঞ্জ সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার রোধ করা।

গত শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, অনেকে মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন। তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনের অর্জনকে অর্থবহ করতে হলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, মাদক, যৌতুক, বাল্যবিয়ে ও জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। “লালমনিরহাটে শুরু হওয়া এই উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে হবে,”—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “জাগো বাহে, তিস্তা বাঁচাই” আন্দোলনের ফলে বিষয়টি এখন গুরুত্ব পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। তবে উন্নয়নের টেকসই অগ্রগতির জন্য সমাজকে মাদকমুক্ত করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির প্রধান উপদেষ্টা আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। বাল্যবিয়ে সম্পাদনকারী কাজীর লাইসেন্স বাতিল করা হবে বলেও তিনি ঘোষণা দেন এবং উপস্থিত জনতাকে চার সামাজিক ব্যাধির বিরুদ্ধে শপথ পাঠ করান।

অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসন রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শহরের ফায়ার সার্ভিস রোড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির লক্ষ্য হলো মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে সামাজিক অপরাধ নির্মূল করা।