
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের যুবক মনসুর আহমদ (৩৫) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গত শনিবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে নিহত মনসুর আহমদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্যরা ও স্থানীয় বিশিষ্টজনরা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, মনসুর আহমদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা মোছা. সুজেরা বেগম, মৌলানা মো. কামরুজ্জামান, মো. খাইরুজ্জামান, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আফাজ উদ্দিন, মোহাম্মদ মোশাহিদ আহমদ, জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ লায়েক আহমদসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, তারা কোনো নিরপরাধ ব্যক্তির শাস্তি চান না। তবে প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তাদের ভাষ্য, মনসুর আহমদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে নিহতের পরিবার ন্যায়বিচার পাবে এবং সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই নিহতের বড় ভাই কামাল মিয়া বাদী হয়ে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তির নাম উল্লেখের পাশাপাশি আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :