হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
হঠাৎ এনবিআরের বিশেষ সতর্কবার্তা

কর নথি (ফাইল) অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগে করদাতাদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র করদাতাদের বিভিন্ন ব্যক্তিগত মুঠোফোন নম্বর থেকে ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতির আশ্বাস অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিটের বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার রাখেন না।

এনবিআর করদাতাদের পরামর্শ দিয়েছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে। এছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখতে বলা হয়েছে।

কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।