সরাইলে মাদকবিরোধী সমাবেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান


সরাইল ক্রাইম রিপোর্টার, ফয়জুল কবির প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
সরাইলে মাদকবিরোধী সমাবেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে ‘ঐক্যবদ্ধ শাহজাদাপুর’ উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বিকেল ৫টায় শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা সমাজসেবা অফিসার ও শাহবাজপুর ইউনিয়নের প্রশাসক মো. পারভেজ আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ‘ঐক্যবদ্ধ শাহজাদাপুর’-এর অন্যতম উদ্যোক্তা মো. মোশাররফ হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী সরকার বুলবুল, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা খাদিম, সরাইল কলেজ ছাত্রদলের সাবেক নেতা মো. এখলাছ, শাহজাদাপুর যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, দুবাই সিটি বিএনপি নেতা হামিদুর রহমান, এনসিপি নেতা সাহিল আহমেদ জীবন এবং দক্ষিণপাড়া যুবকল্যাণ সংগঠনের প্রতিনিধি হামিদুর রহমান রাহিম।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরণে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করতে হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী করতে হবে।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব।