৪৪০০ কৃষক পরিবার পাচ্ছে বিনামূল্যে উপকরণ

মুকসুদপুরে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
মুকসুদপুরে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, বিভিন্ন ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুকসুদপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম, এমপি বলেন, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, এ কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলার ২৭০টি গ্রামের মোট ৪ হাজার ৪০০টি কৃষক পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হবে। তিনি কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২৫ কোটি চারা বিতরণ করা হবে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, ফলজ ও বনজ চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। পুরো আয়োজনজুড়ে উপজেলা পরিষদ মিলনায়তন কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।