ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি নরওয়ের সামনে। এ পর্যন্ত চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় নিয়ে দারুণ ছন্দে রয়েছে দলটি। তবে শেষ আটে জায়গা করে নিতে হলে তাদের পেরোতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বাধা।

হাইভোল্টেজ এই ম্যাচে সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিলকে এবারের আসরের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হলেও প্রতিপক্ষ নরওয়ের আত্মবিশ্বাসও তুঙ্গে।

ম্যাচের আগে ব্রাজিলকে কিছুটা হালকাভাবে দেখিয়েছেন নরওয়ের কোচ স্তল সুলবাকেন। তার মতে, ব্রাজিল এখন আগের মতো এত বড় মাপের দল নয়। তিনি বলেন, “আমি মনে করি না তারা খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট, কয়েক বছর আগে যেমনটা তারা ছিল। আমরা লম্বা সময় ধরে ভালো ছন্দে আছি এবং আমাদের দলে দারুণ আত্মবিশ্বাস রয়েছে।”

পরিসংখ্যানও কিছুটা নরওয়ের পক্ষে কথা বলছে। এখন পর্যন্ত দুই দলের চার দেখায় ব্রাজিল কোনো জয় পায়নি। বিশ্বকাপেও ১৯৯৮ সালে গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে। এবার আর্লিং হালান্ডের মতো ফর্মে থাকা তারকাকে নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী ইউরোপের দলটি।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন হালান্ড, যিনি নরওয়ের আক্রমণভাগের মূল ভরসা। কোচ সুলবাকেন জানান, দলটি শুধু রক্ষণাত্মক পরিকল্পনায় আটকে থাকবে না। তিনি বলেন, “আমরা এমন দল নই যারা শুধু ব্রাজিলের আক্রমণ ঠেকানোর জন্য বসে থাকবে। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলি এবং সেটিই আমাদের শক্তি।”

তিনি আরও যোগ করেন, “৯০ বা ১২০ মিনিট রক্ষণ সামলাতে হলেও আমাদের সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। আমাদের দিনে আমরা ব্রাজিলকে আঘাত করতে পারি, তবে এজন্য সেরা ছন্দে থাকা জরুরি।”

সব মিলিয়ে শেষ ষোলোর এই লড়াইয়ে অভিজ্ঞতা বনাম আত্মবিশ্বাস—দুই দলের সংঘর্ষ ঘিরে উত্তেজনা তুঙ্গে।