নাটোরের লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক


লালপুর উপজেলা প্রতিনিধি, শামসুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
নাটোরের লালপুরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ জুলাই) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ওয়ালিয়া বাজারের আলী মার্কেটের একটি অব্যবহৃত দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে অবস্থানরত দুই ব্যক্তি—মো. সাহাবুল ইসলাম সাধন (৩৬) ও মো. ঝুমুর আলী (৩৪)-কে আটক করা হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম। আটক দুই ব্যক্তি লালপুর উপজেলার ওয়ালিয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।