ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
ছয় বিভাগে ৩ দিন ভারী বৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা

দেশের ছয় বিভাগে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) দুপুরে জারি করা বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় ভারী বৃষ্টির পরিমাণ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বৃষ্টির পরিমাণ ১৮৮ মিলিমিটার বা তারও বেশি হতে পারে।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, টানা ভারী বৃষ্টিপাত হলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পৃথক এক বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

দুপুর ১২টায় নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।