হাজিদের ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিক মূল্যবোধ জোরদার

লালমনিরহাটে ‘হাজি সম্মেলন ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত


লালমনিরহাট জেলা প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
লালমনিরহাটে ‘হাজি সম্মেলন ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত

লালমনিরহাটে ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখা এবং হজ পালনকারী হাজিদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘হাজি সম্মেলন ও দোয়া মাহফিল-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ‘হিজবুল আরাফাত’ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ হাজিরা অংশ নেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিয়াজ আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা হজ পরবর্তী জীবনে হাজিদের করণীয় ও নৈতিক দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সাংগঠনিক সম্পাদক ও নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হাজি সামছুল আলম বলেন, হজ কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি হাজিদের হজ পরবর্তী জীবনে পবিত্রতার আদর্শ বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ বক্তা মাওলানা মো. হাছান আলী সমাজ থেকে শিরক ও বিদআত দূর করে কুরআন ও সুন্নাহর আলোকে শান্তিময় সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাজিরা সমাজের দিকনির্দেশক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং তাঁদের আচরণে শান্তি ও নৈতিকতার প্রতিফলন থাকতে হবে।

সম্মেলনে বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত প্রতিনিধিরা নিজ নিজ এলাকার হাজিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন। নতুন হাজিদের পক্ষ থেকে আলহাজ ওবায়দুল ইসলাম এ আয়োজনের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে হাজিদের পারস্পরিক মোসাফাহার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাজি রফিকুল ইসলাম ও হাজি নুরুজ্জামান মিয়া।