এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষা চলাকালে মাতলামি করা সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগে প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে সরকার। তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি তার এমপিও (মাসিক বেতন-ভাতার সরকারি অংশ) সুবিধাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বিষয়টি নজরে আসার পর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরির শর্তাবলি বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মন্ত্রণালয় জানায়, এ ধরনের আচরণ সম্পূর্ণভাবে আপত্তিকর, অনৈতিক ও আইনবহির্ভূত। এতে শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার এমপিও সুবিধা স্থগিত থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক রুহুল আমিনের নিজ কক্ষে মদ্যপ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাকে চেয়ারে বসে মাতলামি করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। ওই সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। পরে ঘটনাস্থলে কয়েকজন সাংবাদিক উপস্থিত হলে তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ওঠে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।