ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ

শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর সমলা খাতুন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা খিচা এলাকার একটি পরিত্যক্ত ডোবা থেকে শনিবার (৪ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সমলা খাতুন ওই এলাকার মৃত জাফর আলীর মেয়ে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যরা জানান, সমলা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার দুপুরে স্থানীয় কয়েকজন পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ছোট ভাই নবী হোসেন বলেন, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার তিনি নিখোঁজ হয়েছিলেন এবং পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে বের করেছিলেন। এবারও শুক্রবার বিকেল থেকে তাকে খোঁজা হচ্ছিল। পরে শনিবার ডোবায় তার মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মানসিক অসুস্থতার কারণে সমলা খাতুনের বিয়ে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরে রাখার চেষ্টা করতেন। স্থানীয় ব্যবসায়ী দিদার হোসেন বলেন, প্রতিবেশী সমলা খাতুনকে খুঁজতে পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেছিলেন। পরে সকালে পরিত্যক্ত ডোবায় তার মরদেহ পাওয়া গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।