
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, ক্যান্সার আরও নির্ভুলভাবে শনাক্ত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে রোগ নির্ণয়ের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
তিনি আরও জানান, প্রয়োজনীয় সব ধরনের ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে দ্রুত মোবাইল হাসপাতাল চালুর মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :