
দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন এই ছবির জন্য তিনি আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে, যা নিয়ে ইতোমধ্যে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবনী অবলম্বনে নির্মিত ছবি ‘ঈথা’-তে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৫ কোটি রুপি।
প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি শ্রদ্ধা কাপুরের তৃতীয় কাজ। এর আগে তারা ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী টু’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। প্রযোজকের মতে, ভিতাবাইয়ের জীবনীভিত্তিক এই সিনেমা শ্রদ্ধার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে, তাই তার পারিশ্রমিকও যৌক্তিক।
এর আগে ‘স্ত্রী টু’ ছবিতে শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি। একই ছবিতে রাজকুমার রাও পেয়েছিলেন ৬ কোটি রুপি। এছাড়া ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে তিনি নিয়েছিলেন ৭ কোটি রুপি।
তবে মুক্তির আগেই ‘ঈথা’ ছবির নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি শাখা দাবি করেছে, ছবির নাম পরিবর্তন করে ‘ভিতা’ বা ‘ভিতাবাই’ রাখা উচিত ছিল, কারণ বর্তমান নামটি কিংবদন্তি শিল্পীর মর্যাদা যথাযথভাবে তুলে ধরে না। এ দাবির সঙ্গে ভিতাবাই নারায়ণগাঁওকরের পরিবারের সদস্যরাও একমত হয়েছেন। তারা ছবিতে প্রয়াত শিল্পীর আসল নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ছবির অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, আইনি জটিলতা এড়াতেই শুরুতে ভিন্ন নাম রাখা হয়েছিল। তবে পরিবারের সম্মতি থাকলে আসল নাম ব্যবহার করলে ছবির গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। ‘ঈথা’ ছবিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুবও অভিনয় করেছেন। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :