বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক


দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক

জামালপুরের বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে এর পেছনে থাকা একটি বস্তা থেকে আনুমানিক ৪৫ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, উদ্ধার হওয়া গাঁজা ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।