
পরীক্ষা শুধু ভালো ফল বা বেশি নম্বর পাওয়ার প্রতিযোগিতা নয়, বরং একজন শিক্ষার্থীর অর্জিত জ্ঞান, সততা ও মেধা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এসএসসি ও এইচএসসি একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পাবলিক পরীক্ষা। তাই পরীক্ষাকে কোনোভাবেই অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা উচিত নয়। তিনি শিক্ষার্থীদের অসদুপায় পরিহার করে নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাসের ওপর ভরসা রেখে উত্তরপত্রে লেখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, প্রতিযোগিতা থাকলেও তা হতে হবে সুস্থ ও ন্যায়সংগত। একজন শিক্ষার্থী যদি পাঠ্যবিষয় যথাযথভাবে আয়ত্ত করতে পারে, তাহলে পরীক্ষার খাতায় তার স্বাভাবিক প্রতিফলন ঘটবে এবং প্রকৃত মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে।
ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, বর্তমানের পরীক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফল নয়, তাদের সততা, নৈতিকতা ও দায়িত্ববোধও অর্জন করতে হবে।
প্রশ্নফাঁসের বিষয়ে তিনি বলেন, সরকার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ফলে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মান নিয়ে অতীতের বিতর্ক দূর করতেই এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিবন্ধন বা রেজিস্ট্রেশন কার্যক্রমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই।
চট্টগ্রাম কলেজ কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী জানান, এ কেন্দ্রে নিবন্ধিত ৩ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ১৬৭ জন পরীক্ষায় অংশ নিয়েছে এবং ৩৫ জন অনুপস্থিত ছিল। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার চট্টগ্রামের ১০৪টি কেন্দ্রে প্রায় ৭৯ হাজার ২১২ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আপনার মতামত লিখুন :