পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
পদ্মা রেল সেতুর নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী

পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের ভায়াডাক্টের নিচ থেকে মাটি অপসারণ ও এ নিয়ে নিরাপত্তা শঙ্কা ছড়িয়ে পড়ার তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে চলমান মাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ভায়াডাক্টের নিচের মাটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী উপায়ে কাটা হচ্ছে না, বরং প্রকল্পের চুক্তি অনুযায়ী পূর্বের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই মাটি অপসারণ করা হচ্ছে। তিনি দাবি করেন, এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হয়েছে, যেখানে বলা হয়েছে অপরিকল্পিত মাটি কাটার কারণে ভায়াডাক্টের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে—যা সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রকল্পের কারিগরি দিক ব্যাখ্যা করে তিনি জানান, ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ এই ভায়াডাক্ট নির্মাণের সময় অঞ্চলটি ছিল জলাভূমি। নির্মাণকাজের সুবিধার্থে অস্থায়ীভাবে মাটি ভরাট করা হয়েছিল, যা প্রকল্প শেষ হলে অপসারণ করার কথা ছিল।

তিনি আরও বলেন, এসব আন্তর্জাতিক মানের প্রকৌশল নকশার অংশ এবং মাটি অপসারণের সঙ্গে কাঠামোর নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। বরং এটি পরিবেশ ও জলপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য জরুরি। মন্ত্রী জানান, ইতিমধ্যে ১৬ দশমিক ৭৬ কিলোমিটারের মধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার অংশের অস্থায়ী মাটি অপসারণ সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি রয়েছে প্রায় ২ দশমিক ৩৪ কিলোমিটার অংশ।

ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, “এখানে নিরাপত্তা হুমকির কোনো প্রশ্নই আসে না। এটি সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এবং প্রকৌশলগতভাবে নিরাপদ কাঠামো।” এ সময় সেখানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী, রেল মন্ত্রণালয়ের সচিব, প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।