নকলে সহযোগিতার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
নকলে সহযোগিতার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার হলে নকলে সহযোগিতার অভিযোগে দায়িত্বে থাকা দুই শিক্ষককে এক বছরের জন্য সব পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে চলমান এইচএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৩ নম্বর পরীক্ষাকক্ষে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী বুসরা আক্তার পরীক্ষা চলাকালে নকল করছিলেন। অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকা দুই শিক্ষক তাকে এ কাজে সহযোগিতা করছিলেন।

এ সময় কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরাসরি প্রত্যক্ষ করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। পরে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—পুরকুইল গাউছিয়া হাবিবিয়া ফাযিল মাদরাসার শিক্ষক নুরুল হুদা এবং আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদিয়া কামিল মাদরাসার শিক্ষক আল আমিন। তাদের এক বছরের জন্য সব ধরনের পাবলিক পরীক্ষার হলে দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নকলের দায়ে পরীক্ষার্থী বুসরা আক্তারকে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ এবং পরীক্ষার নীতিমালা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে প্রশাসন।