
ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি এলাকার মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি টয়োটা এম-ক্রপ প্রাইভেটকার জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত গাড়িটির মূল্য প্রায় ২২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :