ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নিরিবিলি বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মো. মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি এলাকার মো. জামাল শেখের ছেলে মো. সোয়েব শেখ (২০)।
ডিবি পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি টয়োটা এম-ক্রপ প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা এবং প্রাইভেট কারটির মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।