দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
দিনাজপুরে ৪ হাজার ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর সদর-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি ইউনিয়নের সুবিধাভোগী কৃষকরা অংশ নেন।

কৃষি বিভাগ জানায়, কৃষকদের মধ্যে উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, এমওপি ও ডিএপি সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর ছিদ্দীক, ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেককে ৬ কেজি রোপা আমন বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।