
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নেতৃত্ব গ্রহণে তাকে রাজি করাতে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে ইউনুস সেন্টার ও গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’র সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সেদিনের ঘটনার স্মৃতিচারণ করে ড. ইউনুস বলেন, “আসিফই সেই তরুণ, যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল।” তিনি জানান, শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি প্যারিস অলিম্পিক উপলক্ষে ফ্রান্সে অবস্থান করছিলেন। সে সময় আসিফ মাহমুদ বারবার তার সঙ্গে ফোনে যোগাযোগ করে দেশের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। তবে শুরুতে তিনি এ প্রস্তাব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন।
ড. ইউনুস বলেন, “আমি বারবার আসিফকে বলছিলাম, অন্য কাউকে খুঁজে নাও। আমি এই ধরনের কাজের জন্য উপযুক্ত নই। আমি শুধু সেই কাজগুলোই করি, যা করতে আমি আনন্দ পাই।” তার ভাষ্য অনুযায়ী, জবাবে আসিফ মাহমুদ তাকে বলেন, “অনেক দেরি হয়ে যাচ্ছে। পুরো দেশ একটি সরকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনি রাজি না হওয়ার কারণে তিন দিন ধরে দেশে কোনো সরকার নেই।”
আসিফ মাহমুদের এই বক্তব্যের পর তিনি দায়িত্ব গ্রহণে সম্মতি দেন। সম্মতি দেওয়ার পরপরই আসিফ তাকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়ে প্রথম ফ্লাইটে বাংলাদেশে চলে আসতে বলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের আরেক শীর্ষ নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের ভূয়সী প্রশংসাও করেন ড. ইউনুস। তাকে উদ্দেশ করে তিনি বলেন, “সে কেবল একজন ব্যক্তি নয়, সে নিজেই একটি ইতিহাস।”
ড. ইউনুস বলেন, কঠোর দমন-পীড়ন, সহিংসতা ও প্রাণহানির মধ্যেও নাহিদ ইসলামসহ আন্দোলনের নেতারা ছাত্র-জনতার আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দাবি করেন, তিন সপ্তাহের ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছিল এবং সেই কঠিন সময়ে নাহিদ ইসলাম সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :