
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম/কালেকশন বুথ থেকে আত্মসাৎ হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুথে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব আলী (৫৬)কে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার বিকেলে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে সীতাকুণ্ড মডেল থানায় আনার পর আদালতে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসে থাকা ইসলামী ব্যাংকের এটিএম/কালেকশন বুথ থেকে নকল চাবি ব্যবহার করে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান নিরাপত্তাকর্মী আইয়ুব আলী। তিনি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা এবং গত দেড় বছর ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চকবাজার শাখার অধীনে ওই বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে আইয়ুব আলীর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে শনাক্ত ও অর্থ উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, চুরি হওয়া অর্থের একটি বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশিষ্ট অর্থের কিছু অংশ অভিযুক্ত বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :