
বিশ্বকাপের নকআউট পর্বে আজ (সোমবার) মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্ভাব্য ফলাফল, জয়ের সম্ভাবনা এবং সম্ভাব্য গোলদাতাদের নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে।
এআইয়ের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটিতে জয়ের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ব্রাজিল। সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণভাগের ধার, বল দখলে আধিপত্য এবং সুযোগ কাজে লাগানোর সক্ষমতা বিবেচনায় সেলেসাওদের জয়ের সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে।
তবে জাপানকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুতগতির কাউন্টার অ্যাটাক এবং বড় দলগুলোর বিপক্ষে চমক দেখানোর সক্ষমতার জন্য পরিচিত সামুরাই ব্লুরা। নকআউট পর্বে এই বৈশিষ্ট্যই তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে বলে মনে করছে এআই।
বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৫ থেকে ৭০ শতাংশ। বিপরীতে জাপানের জয়ের সম্ভাবনা ১৫ থেকে ২০ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও ১৫ থেকে ২০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআই ২-১ ব্যবধানে ব্রাজিলের জয়ের পূর্বাভাস দিয়েছে। এতে ব্রাজিলের হয়ে গোল করতে পারেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। অন্যদিকে জাপানের সম্ভাব্য গোলদাতা হিসেবে আয়াসে উয়েদার নাম উল্লেখ করা হয়েছে।
তবে এআই মনে করছে, ম্যাচের শুরুতে দুই দলই যদি রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে, তাহলে ভিন্ন চিত্রও দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১-০ ব্যবধানে ব্রাজিলের জয় কিংবা ম্যাচ অতিরিক্ত সময়ে গিয়ে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, জাপানের সুসংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণভাগকে সহজে সুযোগ করে দেবে না বলেই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি টেলিভিশনে সময় টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টসে সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া মাই রবি, টফি এবং বায়োস্কোপ প্ল্যাটফর্মেও সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।
তবে এআইয়ের এই পূর্বাভাস কেবল পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স ও তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি একটি সম্ভাব্য বিশ্লেষণ। ফুটবলে শেষ কথা বলে মাঠের লড়াই। ৯০ মিনিটে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্র, আর সেই অনিশ্চয়তাই ফুটবলকে করে তোলে আরও রোমাঞ্চকর।
আপনার মতামত লিখুন :