
ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ইসলামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— ইসলামবাগ এলাকার সোবাহানের ছেলে দীপু (২৫), মজিবরের স্ত্রী কাজলী (৫০) এবং দীপুর স্ত্রী সুমা আক্তার সেতু (২৬)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর ওসির নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানে এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :