
চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকসমূহের সাধারণ আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
‘চট্টগ্রাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আগামী ২৯ জুন (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, বর্তমানে সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় নিজেদের বৈধ অধিকার ও আমানত রক্ষায় ভুক্তভোগী গ্রাহকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।
সমাবেশ থেকে আমানতকারীদের পক্ষ থেকে সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে—সাধারণ আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক করা, আমানতের ওপর কোনো ধরনের ‘হেয়ার কাট’ বা অর্থ কর্তনের সিদ্ধান্ত বাতিল করা এবং তারল্য সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ আর্থিক সহায়তা বরাদ্দ রাখা।
চট্টগ্রাম সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি শারমিন আক্তার ও খালেদ মোশাররফ এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন এক যৌথ বিবৃতিতে সর্বস্তরের ভুক্তভোগী গ্রাহক ও সাধারণ মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
নেতারা সতর্ক করে বলেন, নীরব থাকলে আমানতের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে। তাই নিজেদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :