
কুমিল্লার মুরাদনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগে পাঁচ সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশিদা আক্তার (৩৬) ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাশিদা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন একটি হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে আছেন। শুক্রবার সকালে রাশিদা আক্তার বাড়িতে পালিত সাতটি গরু-বাছুর অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ।
এ সময় রাশিদা আক্তারের দুই মেয়ে মাকে রক্ষা করতে এগিয়ে এলে তারাও হামলায় আহত হয় বলে অভিযোগ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদা আক্তার ও তার দুই মেয়েকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদা আক্তারের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথে মুরাদনগরের বাখরাবাদ এলাকায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :