
ইতালির রাজধানী রোমে ভয়াবহ এক হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে শহরের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওর একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সী ছেলে, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইতালীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ওই পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কামাল, তার স্ত্রী ও কন্যাশিশুর মৃত্যু হয়।
প্রাণ বাঁচাতে বাসা থেকে বেরিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করেন পরিবারের ১৮ বছর বয়সী ছেলে। তবে হামলাকারী তাকেও ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের দেওয়া খবরে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী কারাবিনিয়েরির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং আহত তরুণকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে অভিযান শুরু করেছে রোম পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে ব্যাপক তল্লাশি চলছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পূর্বশত্রুতার জের, ডাকাতির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত হয়েছে—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ ঘটনাস্থল সিলগালা করে আলামত সংগ্রহ করেছে। ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হামলাকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :