সংসদের আলোচনায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
সংসদের আলোচনায় টাইগারদের ব্যাটিং ব্যর্থতা, যে ব্যাখ্যা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিংসহ সার্বিক পারফরম্যান্স উন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান বোর্ডের নেতৃত্বে দেশের ক্রিকেট আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে ব্যাটিং ইউনিট অতীতের তুলনায় আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়। জাতীয় দলের ব্যাটিং দুর্বলতা কাটিয়ে সাফল্য বাড়াতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে আমিনুল হক বলেন, একটি ক্রিকেট দলের সাফল্য শুধু ব্যাটিংয়ের ওপর নির্ভর করে না; ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—এই তিন বিভাগের সম্মিলিত পারফরম্যান্সের ওপর দলের ফলাফল নির্ভর করে।

তিনি বলেন, বয়সভিত্তিক দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট, বাংলাদেশ ‘এ’ দল এবং জাতীয় দলের খেলোয়াড়দের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও মানসিক দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, বিসিবি দেশি-বিদেশি অভিজ্ঞ কোচ, ফিজিও, ট্রেইনার ও অ্যানালিস্ট নিয়োগের পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ, নিয়মিত অনুশীলন এবং পারফরম্যান্স মনিটরিংয়ের মাধ্যমে ব্যাটসম্যানদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এর ইতিবাচক প্রভাব সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সেও দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সব ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ ও সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। নারী ক্রিকেটের অগ্রগতির বিষয়টিও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে পাকিস্তানকে হারিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

আমিনুল হক আরও বলেন, জাতীয় দলের ব্যাটসম্যানরা নিয়মিত গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতা থেকে নতুন প্রতিভাবান ব্যাটসম্যানরা উঠে আসছেন। তারা জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন, যা দেশের ব্যাটিং শক্তিকে আরও সমৃদ্ধ করছে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও বর্তমান প্রজন্মের মধ্যে এর জনপ্রিয়তা আগের তুলনায় কিছুটা কমেছে। অন্যদিকে জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি জানান, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে।