শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
শিক্ষকদের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বকেয়া বেতন আগামী জুলাই মাসে একসঙ্গে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষকদের বেতন বিলম্বের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, “আমি জানি এক মাসের বেতন না পেলে একজন শিক্ষককে কতটা দুর্বিষহ জীবনযাপন করতে হয়। তাই এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে মাদরাসায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়নি। ফলে বেতন পরিশোধে জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “শিক্ষকরা বেতন না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন। তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং মে ও জুন মাসের বেতন জুলাই মাসে একসঙ্গে দেওয়া হবে।”

ড. এহছানুল হক মিলন অভিযোগ করেন, আগের সরকার বিভিন্ন খাতে এমন কিছু আর্থিক ও প্রশাসনিক জটিলতা রেখে গেছে, যার কারণে বর্তমান সরকারকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, “আমরা দেখেছি সময় যত গিয়েছে, ততই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে পরবর্তী সরকার স্বাভাবিকভাবে কাজ করতে না পারে। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না।”

শিক্ষামন্ত্রী আরও জানান, তার হাতে থাকা ১০০ কোটি টাকা জনতা ব্যাংকে প্রদান করা হয়েছে, যার ফলে যেসব শিক্ষক-কর্মচারীর হিসাব জনতা ব্যাংকে রয়েছে তারা বেতন পেয়েছেন। তবে অন্য ব্যাংকের হিসাবধারীরা এখনও বেতন পাননি।

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “যারা এখনও বেতন পাননি তাদের কষ্ট আমরা বুঝি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে খুব শিগগিরই সবাই তাদের প্রাপ্য বেতন পাবেন।” সভায় স্থানীয় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।