
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল দেশটির কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
প্রথম ভূমিকম্পের মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে ৩০ শতাংশ। তবে এটি প্রাথমিক ঝুঁকি বিশ্লেষণ, প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র উদ্ধার কার্যক্রম শেষে জানা যাবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী কারাকাসে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন স্থানে ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও বিঘ্ন ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে আহ্বান জানাতে দেখা গেছে।
পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী আফটারশকের আশঙ্কা রয়েছে। এ কারণে নাগরিকদের সতর্ক থাকতে এবং জরুরি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :