
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা বিভাগ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য কার্যক্রম নয়, এটি শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের লক্ষ্য, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরে আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোহরাব হোসাইন লিংকন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল হবে এবং উপজেলার কোনো শিশুই এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না।
আপনার মতামত লিখুন :