
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে শুরু করে বজ্রসহ বৃষ্টি এবং ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে বিশেষ করে সপ্তাহের শেষ দিকে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (২৫ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৬ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। শনিবার (২৭ জুন) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
রোববার (২৮ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সাময়িকভাবে আবহাওয়ার স্বস্তিদায়ক পরিবর্তন আসতে পারে।
আপনার মতামত লিখুন :