
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে শিশুসহ ৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক প্রবেশ করানো) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্তের উত্তর পাতাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।
ঘটনার খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যরেখার (জিরো লাইন) ভেতরে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে তাৎক্ষণিক বাধা দেয়। এ সময় বিজিবি সদস্যরা দৃঢ় অবস্থান গ্রহণ করলে বিএসএফের পুশইন প্রচেষ্টা ভেস্তে যায়।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রমের ফলে এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। সীমান্তে যেকোনো অবৈধ প্রবেশ বা পুশইনের ঘটনা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।” এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :