এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী পরীক্ষায় নকল করলে শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে অনিয়ম করলে বা দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। অবসর ভাতা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সাল থেকে যেসব শিক্ষক ও কর্মচারী এখনো অবসর ভাতা পাননি, তাদের বকেয়া অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে দেওয়া শুরু হবে।

এ ছাড়া দেশে ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে।