
রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে নিজ বাড়ি থেকে আয়শা বেগম (৫০) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ঘরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২১ জুন) রাতে উপজেলার ১ নম্বর সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম স্থানীয় বাসিন্দা মো. মফিজুল হকের স্ত্রী।
নিহতের স্বামী মো. মজিজুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে তিনি ও তার বড় ছেলে গাছ চিড়ানোর কাজে বাড়ি থেকে বের হয়ে যান। সারাদিন তারা বাইরে ছিলেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে কাঠ রেখে গোসল শেষে ঘরে গিয়ে দেখেন ঘর অন্ধকার। তিনি বলেন, “ঘরের বাতি জ্বালিয়ে দেখি আমার স্ত্রী মেঝেতে পড়ে আছে। প্রথমে ভেবেছিলাম ঘুমিয়ে আছেন। পরে কাছে গিয়ে দেখি তার মাথা রক্তাক্ত এবং তিনি মারা গেছেন।”
তিনি আরও জানান, ঘরের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। সম্প্রতি গরু বিক্রি করে পাওয়া প্রায় ৩ লাখ টাকা আলমারিতে রাখা হয়েছিল, কিন্তু পরে তা পাওয়া যায়নি। নিহতের স্বামী অভিযোগ করেন, সোহাগ ও ওমর নামে দুই ব্যক্তির তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। তাদের সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ রয়েছে বলেও জানান তিনি।
নিহতের ভাইপো মো. রাজীব ইসলাম ও মো. রফিকুল ইসলাম জানান, সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে চলে যান। সন্ধ্যার পর খবর পেয়ে তারা বাড়িতে গিয়ে আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি রক্তমাখা ভাঙা ইট ও একটি হাতুড়ি পাওয়া যায় বলেও জানান তারা। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়। এ সময় নিহতের স্বজনদের কান্নায় হাসপাতাল এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়।
সুবলং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. বাদল দেওয়ান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :