লালমনিরহাটে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
লালমনিরহাটে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

লালমনিরহাটের শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ হয়েছে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত ভবন উদ্বোধনের মাধ্যমে।

রোববার ২১ জুন ২০২৬ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরে নির্মিত এ আধুনিক ভবনটি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আরামদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে উচ্চশিক্ষার পথ সহজ হয়। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ভবন উদ্বোধনে বিদ্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অবকাঠামো উন্নয়ন জেলায় শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।