পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

জানা গেছে, রোববার সকালে হঠাৎ করে সাদাপাথর পর্যটনকেন্দ্রের মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। ফলে সকাল থেকে সাদাপাথর নৌঘাট থেকে পর্যটকবাহী কোনো নৌকা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এতে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা ভোগান্তিতে পড়েন। অনেকেই মূল পর্যটন স্পট দেখতে না পেরে ফিরে যেতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টির কারণে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নামে। এর প্রভাবে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যবসায়ীর দোকানের চেয়ার, লকার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন মালামাল পানিতে ভেসে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে প্রায়ই পাহাড়ি ঢলের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার সকাল থেকে সাদাপাথর নৌঘাট থেকে কোনো নৌকা চলাচল করতে দেওয়া হয়নি। সর্বশেষ শনিবার পর্যন্ত পর্যটকরা সেখানে ঘুরতে যেতে পেরেছেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথর ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। পানির স্রোত কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।