
উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-নদীর পানি বাড়ছে। তবে জেলার সবকটি নদ-নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় আপাতত বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
রোববার (২১ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নদ-নদীর পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধরলা নদীর পানি ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে দুধকুমার নদীর পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানিও সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এ নদীর পানিও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কমতে শুরু করেছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ নদীর পানি ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, উজানে ভারতের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত এবং স্থানীয়ভাবে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চলে ছোট আকারের বন্যার আশঙ্কা তৈরি হতে পারে।
কুড়িগ্রাম আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, জেলায় স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে ২৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে উজানে ভারতের অংশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় বর্তমানে বন্যার আশঙ্কা নেই।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার কয়েকটি নদীর পানি ধীরে ধীরে বাড়ছে। তবে বর্তমানে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকায় তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই।
তিনি আরও জানান, নদ-নদীর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :